২০৩০ সালে অপ্রাসঙ্গিক হবে ৩৯% দক্ষতা, জানাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
২০৩০ সালে অপ্রাসঙ্গিক হবে ৩৯% দক্ষতা

বিশ্বজুড়ে চাকরির বাজার দ্রুত বদলে যাচ্ছে। বর্তমানে যেসব দক্ষতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, তার প্রায় ৩৯ শতাংশই ২০৩০ সালের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে অথবা সম্পূর্ণ বদলে যেতে পারে। এমন তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত জব রিপোর্টে। প্রতিবেদনের জন্য ৫৫টি দেশের ১৪ মিলিয়নের বেশি কর্মী প্রতিনিধিত্বকারী এক হাজারের বেশি নিয়োগদাতার মতামত নেওয়া হয়।

ডিগ্রি নয়, দক্ষতাই মূল

প্রতিবেদন বলছে, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখন আর চাকরির নিশ্চয়তা দিচ্ছে না। বরং নিয়োগদাতারা এখন এমন প্রার্থীদের খুঁজছেন, যাঁরা বাস্তব কাজে দক্ষতা দেখাতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এখন প্রতিষ্ঠানগুলো শুধু সনদ নয়, বরং বাস্তব দক্ষতার প্রমাণ খুঁজছে। পোর্টফোলিও, প্রকল্পভিত্তিক কাজ এবং সাক্ষাৎকারে বাস্তব অভিজ্ঞতা প্রদর্শনের ওপর গুরুত্ব বাড়ছে।

যে ১০ দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ

১. এআই শিক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর অতিরিক্ত দক্ষতা নয়, বরং মৌলিক চাহিদা। কর্মক্ষেত্রে এআই টুল ব্যবহার, প্রম্পট লেখা এবং এআই-নির্ভর ফলাফল বিশ্লেষণ করার সক্ষমতা এখন প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২. বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি

স্বয়ংক্রিয় প্রযুক্তি অনেক কাজ করতে পারলেও কোন সমস্যাটি সমাধান করা জরুরি, তা নির্ধারণ করতে পারে না। তাই তথ্য বিশ্লেষণ ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার চাহিদা বাড়ছে।

৩. ডেটা ব্যবহারে দক্ষতা

বিভিন্ন খাতে এখন ডেটাভিত্তিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্প্রেডশিট, ড্যাশবোর্ড কিংবা মৌলিক ডেটা বিশ্লেষণ বোঝার সক্ষমতা এখন প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজন।

৪. বৈশ্বিক যোগাযোগদক্ষতা

রিমোট ও আন্তর্জাতিক কর্মপরিবেশে স্পষ্ট ও সংস্কৃতিসচেতন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লিখিত যোগাযোগে দক্ষতা নিয়োগদাতাদের কাছে বাড়তি মূল্য পাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৫. অভিযোজন ক্ষমতা ও শেখার মানসিকতা

বর্তমান সময়ে একটি চাকরির ধরন কয়েক বছরের মধ্যেই বদলে যেতে পারে। তাই দ্রুত নতুন কিছু শেখা ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. সৃজনশীল চিন্তাশক্তি

এআই যখন বিশ্লেষণমূলক কাজ করছে, তখন নতুন ধারণা তৈরি ও সমস্যার ভিন্নধর্মী সমাধান বের করার দক্ষতা আরও মূল্যবান হয়ে উঠছে।

৭. আবেগীয় বুদ্ধিমত্তা

সহকর্মীদের বোঝা, দল পরিচালনা এবং সহমর্মিতার মতো দক্ষতা নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দক্ষতাগুলো এআই সহজে প্রতিস্থাপন করতে পারবে না।

৮. উদ্যোক্তা মনোভাব

শুধু নির্দেশনা মেনে কাজ নয়, বরং নিজে থেকে সমস্যা চিহ্নিত করা ও সমাধানের উদ্যোগ নেওয়া এখন প্রতিষ্ঠানগুলো বেশি গুরুত্ব দিচ্ছে।

৯. আন্তসাংস্কৃতিক দক্ষতা

আন্তর্জাতিক বাজার ও বহুজাতিক কর্মপরিবেশে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতা ব্যবসায়িক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

১০. দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ

ডেটা গোপনীয়তা, এআই নীতি ও কর্মক্ষেত্রের নৈতিক বিষয়গুলো এখন বড় গুরুত্ব পাচ্ছে। ফলে ঝুঁকি চিহ্নিত ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নতুন ধরনের চাকরির সুযোগ তৈরি করছে।