মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই হরমুজ প্রণালি 'তাৎক্ষণিকভাবে' পুনরায় খুলে দেওয়া হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চুক্তি সইয়ের শর্ত
ট্রাম্প বলেন, 'এটি খুব দ্রুত খুলে যাবে।' তিনি কৌশলগত এই নৌপথ পুনরায় চালুর বিষয়টিকে লেবানে চলমান সংঘাত থেকে আলাদা করে দেখার চেষ্টা করছেন বলে জানান। তার মতে, চুক্তি সই হলেই প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে।
লেবানে সংঘাত অব্যাহত
এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে। ট্রাম্প এই সংঘাত থেকে হরমুজ প্রণালির বিষয়টি আলাদা রাখার ইঙ্গিত দিয়েছেন।
ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ
ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, 'আমি এটি চাই।' তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে। ট্রাম্প বলেন, 'আমরাই গিয়ে এটি নিয়ে আসব।'
এর আগে ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে, যা ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপে তিক্ততা দেখা দেওয়ায় ইরান আলোচনা সংকটে পড়েছে বলে জানা গেছে।



