চলতি বছরের হজ শুরু হওয়ার আগেই আগামী বছরের (২০২৭ সালের) হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। বুধবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানানো হয়, চলতি বছরের ২৫ মে হজ শুরু হওয়ার আগেই পরবর্তী মৌসুমের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, হজ ব্যবস্থাপনা দফতর এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিকিৎসা সেবা সাধারণ প্রশাসন আয়োজিত সৌদি আরবের তৃতীয় হজ স্বাস্থ্য ও নিরাপত্তা ফোরামের অংশ হিসেবে বুধবার অনুষ্ঠিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আল-রাবিয়াহ এই মন্তব্য করেন।
হজ মন্ত্রী জানান, হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয় হজ ব্যবস্থাপনা দফতর ও সেবা প্রদানকারী কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের মাধ্যমে, যেখানে চলমান মৌসুম শেষ হওয়ার আগেই পরবর্তী বছরের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হয়।
তিনি আরও জানান, নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং পবিত্র স্থানগুলোর সব ধরনের অপারেশনাল দিক তদারকি করতে গত বছর থেকে ৭৮টি দেশের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়সীমাসহ একটি বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এর মধ্যে মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, কেটারিং এবং বিমান সেবা প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এবারের হজে ১৫ লাখেরও বেশি হজযাত্রী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ, যা সক্ষম মুসলমানদের জন্য বাধ্যতামূলক ইবাদত হিসেবে বিবেচিত। সফল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করাকে সৌদি নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’, যার মাধ্যমে যাত্রার দেশেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশন সহজ করা হয়।



