বিশ্বকাপ উপলক্ষে নির্দিষ্ট কিছু দেশের দর্শকদের জন্য ভিসার শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ মে) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার আবেদনকারীদের বড় অঙ্কের জামানত বা বন্ড জমা দেওয়ার যে পদ্ধতি চালু ছিল, তা ফুটবলপ্রেমীদের জন্য শিথিল করা হচ্ছে।
ভিসা জামানতের নিয়মে ছাড়
অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ভিসা জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছিল। এই অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরার পর ফেরত দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশে বিশ্বকাপের ম্যাচে অংশগ্রহণকারী দলের সদস্য এবং টিকিট সংগ্রহকারী ফুটবল সমর্থকদের জন্য ভিসা জামানতের নিয়মে ছাড় দেওয়া হবে। তবে সমর্থকদের অবশ্যই ভিসার জন্য নির্ধারিত অগ্রাধিকার ব্যবস্থায় নিবন্ধিত থাকতে হবে।
নিরাপত্তা ও বৈধ ভ্রমণের ভারসাম্য
কনস্যুলার–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো আয়োজনে বৈধ ভ্রমণকে উৎসাহিত করতে চাই, একই সঙ্গে জাতীয় নিরাপত্তা বজায় রাখতেও আমরা অঙ্গীকারবদ্ধ।’ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিফার একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘এই ঘোষণা সফল এবং স্মরণীয় একটি বৈশ্বিক আয়োজন উপহার দিতে মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে আমাদের চলমান সহযোগিতারই বহিঃপ্রকাশ।’
ইরান ও হাইতি নিষেধাজ্ঞা বহাল
৫০টি দেশের ফুটবল সমর্থকদের জন্য শর্ত শিথিল করা হলেও ইরান ও হাইতির ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট ভ্রমণের ক্ষেত্রে ওই দুই দেশের খেলোয়াড় ও কোচরা ছাড় পাবেন।



