যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের শৌখিন কৃষক গ্রাহাম ব্যারাট তাঁর বাগানে ফলানো গ্রীষ্মকালীন সবজি দিয়ে দুটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩ পাউন্ডের বেশি ওজনের অতিকায় এক রসুন।
বিশ্বের সবচেয়ে ভারী এলিফ্যান্ট গার্লিক
গত ২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারের ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে আনুষ্ঠানিক ওজন ও মাপজোকের জন্য হাজির হন গ্রাহাম ব্যারাট। সেখানে তিনি ‘এলিফ্যান্ট গার্লিক’ জাতের একটি বিশাল রসুন উপস্থাপন করেন। এই বিশেষ জাতটি সাধারণ রসুনের চেয়ে প্রাকৃতিকভাবেই বড় হয়।
ওজন মাপার যন্ত্রে রসুনটির ওজন দাঁড়ায় ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স (প্রায় ১.৭৫ কেজি)। ফিতায় মেপে এর ব্যাস পাওয়া যায় সাড়ে ৭ ইঞ্চি। এই ফলাফলের ভিত্তিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ বা রসুন ফলানোর স্বীকৃতি দেয়।
দ্বিতীয় রেকর্ড: সবচেয়ে ভারী মটরশুঁটি
একই দিনে গ্রাহাম ব্যারাট আরেকটি বিশ্ব রেকর্ডও গড়েন। তিনি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ জাতের একটি মটরশুঁটি ফলান, যার ওজন দশমিক ৯৮ আউন্স (প্রায় ২৭.৮ গ্রাম)। এটি বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
গ্রাহাম ব্যারাট এর আগে ২০২৫ সালের ফসলের মৌসুমে আরও চারটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেগুলোর মধ্যে ছিল ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল (লুফা) এবং ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি।



