লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুরের দিকে নাবাতিহ এলাকার জেবদাইন অঞ্চলের একটি বাসভবনে এ হামলা চলে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম। বাংলাদেশ দূতাবাস বুধবার এক শোকবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
মরদেহ হাসপাতালে
দূতাবাস জানায়, নিহতদের মরদেহ বর্তমানে নাবিহ বারি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এর আগে ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় আরেক বাংলাদেশি প্রবাসী শ্রমিক দিপালী বেগম নিহত হন।



