মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। তিনি ইরানকে 'চরম উগ্র মানসিকতার' দেশ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, তাদের হাতে এমন অস্ত্র পৌঁছানো বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি।
এবিসি সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।' তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
ওবামার চুক্তি নিয়ে সমালোচনা
ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় এসে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং তা ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যে ব্যবহার করার ঝুঁকি তৈরি হতো। তিনি বলেন, 'ইরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, যা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সক্ষমতারই ইঙ্গিত দিয়েছে।'
সামরিক অভিযান অব্যাহত থাকবে
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।' তিনি আরও জানান, 'আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০ শতাংশ আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি।'
পুনরায় বোমা হামলার হুমকি
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন। তার মতে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: বিবিসি।



