বাংলা নববর্ষ দেশে-বিদেশে বাঙালির প্রাণের উৎসব। এই দিন উদযাপনকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতির কমতি নেই প্রবাসের কর্মব্যস্ত জীবনেও। স্কটল্যান্ডের এডিনবরায় বাংলা লোকগানের সংগঠন ফোক বাংলা এবারের বর্ষবরণে আয়োজন করেছিল বিশেষ উৎসব।
ফোক বাংলার যাত্রা শুরু
স্কটল্যান্ডে বাংলার লোকসংগীতকে ছড়িয়ে দিতে বছরখানেক আগে কয়েকজন স্বাপ্নিক তরুণ একটি ব্যান্ডের অবতারণা করেছেন ‘ফোক বাংলা’ নামে। তাঁদের শুরু হয়েছিল বাঙালির প্রাণের মেলা ‘পয়লা বৈশাখ’ উদযাপনকে কেন্দ্র করেই। এবারের বাংলা নববর্ষ উদযাপনের সঙ্গে ছিল তাঁদের বর্ষপূর্তি উৎসবও।
বর্ণিল আয়োজন
গত রোববার (১৯ এপ্রিল ২০২৬) স্কটল্যান্ডের এডিনবরায় বসেছিল বর্ষবরণের এই বর্ণিল মেলা। এডিনবরার পার্শ্ববর্তী গ্লাসগো, এবারডিন, ডান্ডি থেকেও অনেকেই এসেছিলেন এই উৎসব উদযাপনে।
স্বাগত বক্তব্যে ফোক বাংলার ফাউন্ডার আজিম মাহমুদ সুমন তাঁদের পরিচিতি তুলে ধরে বলেন, ‘আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। ফোক পাগলার মূল লক্ষ্য বিদেশের মাটিতে জন্ম নেওয়া পরবর্তী প্রজন্মের কাছে এবং বিদেশিদের কাছে আমাদের জন্মভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। এই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে চলা।’
সাংস্কৃতিক পরিবেশনা
জমকালো এই আয়োজনের শুরুটা হয় দলীয়ভাবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এর পর একে একে শিল্পীরা পরিবেশন করেন, বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ভালো হয়ে যাওরে বন্ধু, যেজন প্রেমের ভাব জানে না, রাঙামাটির রঙে চোখ জুড়াল, বিনয় করি গো প্রিয়া, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ ছাড়া ছিল ছোটদের মন জয় করে নেওয়া দারুণ সব নৃত্য ও জাদু পরিবেশনা।
ঐতিহ্যবাহী খাবার
গানের সঙ্গে আয়োজকেরা দুপুরের খাবারও পরিবেশন করেন। খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ইলিশ, নানা রকম ভর্তা, ডাল। সঙ্গে ছিল চা, কফি ও কোমল পানীয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানের দর্শক সারিতে অন্যানের মধ্যে ছিলেন স্কটল্যান্ড পার্লামেন্টের সদ্য সাবেক সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, স্কটল্যান্ড বিএনপির নেতা জাকির মোড়ল, কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহনূর চৌধুরী, চ্যানেল আইয়ের সাংবাদিক হুমায়ুন কবির, থিসল শাপলা কালচারাল সংস্থার সভাপতি ফখরুল মাজুম ইসলাম, স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মিরন, সাংবাদিক মিজান রহমান, ফ্রিল্যান্স লেখক বদরুল হুসেইন বাবু, স্কটল্যান্ড বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক খান এলাহী মনজুর, সাংবাদিক ফরহাদ রেজা, তুহিন মাহমুদ, রশিদ আহমদ প্রমুখ।
দূর পরবাস থেকে আরও পড়ুন: প্রবাসী, উৎসব, সংস্কৃতি, বাংলা নববর্ষ, বাংলা বর্ষবরণ, স্কটল্যান্ড, দূর পরবাস।



