কলম্বিয়ায় মহাসড়কে বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮
কলম্বিয়ায় মহাসড়কে বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮

কলম্বিয়ায় প্যান-আমেরিকান মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের বিবরণ

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং আরও ৩৮ জনের বেশি মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।’

গুজমান এই ঘটনাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা’ হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, ‘ব্যথা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমাদের কাছে নেই।’ এ সময় ‘সন্ত্রাসী তৎপরতা’ মোকাবিলায় সরকারের কাছ থেকে ‘দৃঢ় ও ধারাবাহিক’ পদক্ষেপের দাবিও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য

গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য সামনে এসেছে। ওই ভিডিওতে সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। গুজমান বলেন, ‘কাউকা একা এই বর্বরতার মুখোমুখি হতে পারে না।’ তিনি আরও জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনা ঘটেছে।

সন্ত্রাসী হামলার দায়

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ‘সন্ত্রাসী হামলা’। তিনি এর জন্য ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ গোষ্ঠীকে দায়ী করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেসিডেন্ট ও গভর্নরের প্রতিক্রিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী’ বলে উল্লেখ করেন। এদিকে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে ‘তাৎক্ষণিক সহায়তা’ চেয়েছেন। তিনি এক্সে দেওয়া বার্তায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এবং অপরাধ দমনে ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান।