পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোসহ একাধিক শহরে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র 'সন্ত্রাসী' গোষ্ঠীগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক চৌকিতে সমন্বিত হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে।
বিমানবন্দরের কাছে গুলির শব্দ
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বামাকোতে দেশের প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে। একই সময়ে মধ্য মালির সেভারে, উত্তরাঞ্চলের কিদাল এবং গাও শহরেও অনুরূপ সহিংসতা ছড়িয়ে পড়ে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, 'সবখানেই গোলাগুলি হচ্ছে।'
সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ
বামাকোর বাইরে অবস্থিত কাটির সামরিক ঘাঁটির কাছেও ভোরের দিকে দুটি বিস্ফোরণ এবং টানা গুলির শব্দ শোনা যায়। এই ঘাঁটির কাছেই বসবাস করেন সামরিক শাসক আসসিমি গোইতা। এছাড়া বামাকো শহর কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশেও ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
হামলাকারীদের পরিচয় অজানা
এখনও পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে সশস্ত্র অস্থিরতায় ভোগা মালিতে আল-কায়েদা এবং আইএসআইএল–এর সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও দীর্ঘদিনের সংঘাতের একটি বড় কারণ।



