সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিবরণ
সৌদি আরব সময় বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদি রাজ শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ দুলালের ছেলে।
প্রবাসী জীবন ও কর্ম
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর জীবিকার সন্ধানে সৌদি আরবে যান শুভ। সেখানে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাড়ি চালানোর সময় আল কাসিম শহরে দুর্ঘটনার শিকার হন তিনি। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের প্রতিক্রিয়া
চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ মাহফুজুর রহমান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



