পরীক্ষার আগের রাতে মুখস্থ করা কেন ভুলে যাই?
পরীক্ষার আগের রাতে কষ্ট করে রাত জেগে পড়া মুখস্থ করেও পরের দিন পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাওয়া একটি সাধারণ অভিজ্ঞতা। ছোটবেলায় শেখা প্রিয় কবিতা বা গানের লাইন আর মনে না পড়াও কমন। বিজ্ঞানীরা বলছেন, মানুষের মস্তিষ্ক এভাবেই কাজ করে এবং এতে ঘাবড়ানোর কিছু নেই। বিশ্বের সব মানুষের সঙ্গেই এমনটা হয়।
মস্তিষ্ক কীভাবে তথ্য সংরক্ষণ করে?
আমাদের মস্তিষ্ক স্মার্টফোনের মেমোরি কার্ডের মতো নয়, যা কিছু সেভ করলে চিরকাল থাকে। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন রয়েছে। নতুন কিছু শেখার সময় এই নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়, যাকে সিন্যাপস বলে। তবে মস্তিষ্ক সব সময় তার শক্তি বাঁচাতে চায়।
ফরগেটিং কার্ভ: কেন আমরা দ্রুত ভুলে যাই?
জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিংহাউসের ফরগেটিং কার্ভ গবেষণায় দেখা গেছে, নতুন কিছু শেখার পর প্রথম কয়েক দিনের মধ্যেই আমরা তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ভুলে যাই, যদি না বারবার চর্চা করা হয়। মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য ফেলে দিয়ে জায়গা তৈরি করে, যাকে সিন্যাপ্টিক প্রুনিং বলে। এটি পুরোনো ফাইল ডিলিট করার মতো।
ইচ্ছে করে ভোলা কি সম্ভব?
মনোবিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ, কিছুটা হলেও সম্ভব। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, মানুষ ইচ্ছে করে নির্দিষ্ট শব্দ বা অভ্যাস ভুলে যেতে পারে। একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জোড়ায় জোড়ায় শব্দ মুখস্থ করিয়ে পরে কিছু শব্দ জোর করে ভুলে যেতে বলা হয়। পরে দেখা যায়, সেই শব্দগুলো তাদের স্মৃতি থেকে প্রায় মুছে গেছে।
শুধু শব্দ নয়, অভ্যাসেও এটি সম্ভব। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট শব্দের সঙ্গে হাত বা আঙুলের নড়াচড়ার অভ্যাস সচেতনভাবে চেষ্টা করে ভুলে যাওয়া সম্ভব।
জীবনের স্মৃতি ভোলা যায় কি?
বিজ্ঞানীরা দেখেছেন, সচেতনভাবে এবং ইচ্ছে করে কোনো নির্দিষ্ট ঘটনার কথা দীর্ঘদিন না ভাবলে ধীরে ধীরে তার বিস্তারিত তথ্য স্মৃতি থেকে মুছে যেতে শুরু করে। জোর করে কোনো ঘটনা থেকে মনোযোগ সরিয়ে নিলে মস্তিষ্ক একসময় সেটাকে গুরুত্ব দেয় না এবং খুঁটিনাটি ভুলিয়ে দেয়।
ভুলে যাওয়া কি সব সময় খারাপ?
বরং ভুলে যাওয়া অনেক সময় আশীর্বাদ। নতুন কিছু শিখলে পুরোনো জিনিস ভুলে যাওয়া স্বাভাবিক, এবং পুরোনো স্মৃতি নতুন শেখার বাধা হতে পারে। মস্তিষ্কের এই বদলে যাওয়ার ক্ষমতাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। পুরোনো বা অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে মস্তিষ্ক নতুন জিনিস শেখার জায়গা তৈরি করে। সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ।



