হাঁটার সময় পায়ে ব্যথা: কারণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়
হাঁটার সময় পায়ে ব্যথার কারণ ও প্রতিকার

অনেকের সামান্য হাঁটাহাঁটিতেই পায়ে ব্যথা হয়। এই ব্যথার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। পেশির অতিরিক্ত চাপ বা মাসল স্ট্রেইন অন্যতম প্রধান কারণ। টানা দীর্ঘ সময় হাঁটা, হঠাৎ করে বেশি ব্যায়াম করা, অথবা সঠিক ওয়ার্ম-আপ না করে হাঁটা শুরু করলে পেশিতে টান পড়ে ব্যথা হতে পারে। আরেকটি সাধারণ কারণ হলো প্লান্টার ফ্যাসাইটিস, যেখানে পায়ের পাতার নিচের অংশে প্রদাহ হয়। জয়েন্টের সমস্যা, যেমন হাঁটু বা গোড়ালির অস্টিওআর্থ্রাইটিস থাকলেও ব্যথা হতে পারে।

ব্যথার অন্যান্য কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে দেখা যায়। স্নায়ুর সমস্যা বা নার্ভ কমপ্রেশন, যেমন সায়াটিকা থাকলে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে রক্ত চলাচলের সমস্যা, যেমন পেরিফেরাল আর্টারি ডিজিজ থাকলে হাঁটার সময় পায়ে ব্যথা হয়, যা বিশ্রামে কমে যায়।

ব্যথা কমাতে করণীয়

প্রথমেই ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। ব্যথা বেশি হলে কিছুদিন বিশ্রাম নিন। আক্রান্ত স্থানে বরফ সেঁক দিন (১৫-২০ মিনিট, দিনে ২-৩ বার)। স্ট্রেচিং ও স্ট্রেনদেনিং এক্সারসাইজ পায়ের পেশি ও লিগামেন্টকে শক্তিশালী করে। বিশেষ করে কাফ মাসল বা পায়ের মাংসপেশির ব্যায়াম খুব উপকারী। আরামদায়ক জুতা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। শক্ত বা অনুপযুক্ত জুতা ব্যথা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ওজন পায়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, ফলে ব্যথা বাড়ে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। দরকার হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথা বা প্রদাহনাশক ওষুধ সেবন করা যেতে পারে। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে আলট্রাসাউন্ড থেরাপি, শকওয়েভ থেরাপি বা বিশেষ অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিরোধের উপায়

নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। হঠাৎ করে অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো এড়িয়ে চলুন। হাঁটা বা ব্যায়ামের শুরুতে ওয়ার্ম-আপ করবেন। প্রতিদিনের কাজে সঠিক ভঙ্গি বজায় রাখুন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কমিয়ে আনতে হবে।

এম ইয়াছিন আলী, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল