ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আজ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আজ রোববার, ২৮ জুন। এদিন দেশের ৬ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনটি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা
ভিটামিন এ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমাতে এবং চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রেখে অন্ধত্ব প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। কোনো শিশুর শরীরে ভিটামিন এ-এর ঘাটতি দেখা দিলে তার রাতকানা রোগ, চোখের নানান ক্ষত ও ক্ষতি, অন্ধত্ব, সংক্রমণের ঝুঁকি বৃদ্ধিসহ অপুষ্টিজনিত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ভিটামিন এ–এর ঘাটতিতে থাকা কোনো শিশু যদি হাম, ডায়রিয়া ইত্যাদিতে ভোগে, তাহলে তার মৃত্যুঝুঁকি বেড়ে যায়।
কে কী পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল নেবে
৬-১১ মাস বয়সী শিশু: একটি নীল রঙের ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) গ্রহণ করবে। ১২-৫৯ মাস বয়সী শিশু: একটি লাল রঙের ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) গ্রহণ করবে।
কে ভিটামিন এ ক্যাপসুল নেবে না
নিম্নলিখিত শিশুরা ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করবে না: যেসব শিশুর বয়স ৬ মাসের কম; যারা গত ৪-৬ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ করেছে; যারা গুরুতর অসুস্থ; যাদের লিভারের রোগ আছে।
পার্শ্বপ্রতিক্রিয়া ও নিরাপত্তা
ভিটামিন এ ক্যাপসুল অত্যন্ত নিরাপদ। তবে কিছু শিশুর ক্ষেত্রে সাময়িকভাবে নিচের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে: বমি বমি ভাব বা এক-দুবার বমি, হালকা মাথাব্যথা, অস্থিরতা বা খিটখিটে ভাব, সাময়িক জ্বর। এসব উপসর্গ সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায় এবং বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
মনে রাখার বিষয়
ভিটামিন এ লিভারে ৩-৪ মাস পর্যন্ত সঞ্চিত থাকতে পারে। তাই চার মাস অন্তর অন্তর ভিটামিন এ খাওয়া যাবে। তবে এক মাসের মধ্যে কেউ হাই ডোজ ভিটামিন এ খেয়ে থাকলে এখন গ্রহণ করার দরকার নেই।
অভিভাবকদের জন্য পরামর্শ
অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, শিশুবিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল বলেন, "ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্য নিরাপদ, কার্যকর এবং ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জীবনরক্ষাকারী একটি জনস্বাস্থ্য কর্মসূচি। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে নিয়ে ভিটামিন এ খাওয়ানো আমাদের দায়িত্ব। একটি ছোট্ট ক্যাপসুল আপনার শিশুকে সুস্থ, সবল রেখে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে গিয়ে আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।"



