ঢাকা উত্তরে ২৮ জুন ১ হাজার ৯০৫ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন
ঢাকা উত্তরে ২৮ জুন ১৯০৫ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী রোববার ২৮ জুন ১ হাজার ৯০৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

কেন্দ্র ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে ডিএনসিসি ১ হাজার ৯০৫টি কেন্দ্রের মধ্যে ৫৪টি স্থায়ী এবং ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করেছে। গত ২৪ জুন বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ডিএনসিসি জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কর্মসূচির তদারকিতে মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যাম্পেইনের দিন ও ডোজ

কর্মশালায় জানানো হয়, ২৮ জুন ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সেবা

কর্মশালায় আরও বলা হয়, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানকারী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ডিএনসিসির পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে এসব এলাকায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মজীবী অভিভাবকদের সুবিধা

কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশব্যাপী ক্যাম্পেইন

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।