দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই মৃত্যু ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে মোট এক হাজার ৩২ জনের মধ্যে।
২৪ ঘণ্টার হাম পরিস্থিতি
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৯ জন। এই সময়ে ৭৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮২ শিশু।
মোট হাম রোগীর সংখ্যা
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ সাত হাজার ৩৮৪ জন। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার চারজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৫২২ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।



