নারীদের চুল পড়ার কারণ ও পুরুষের টাক পড়ার পার্থক্য
নারীদের চুল পড়ার কারণ ও পুরুষের টাক পড়ার পার্থক্য

নারীদের চুল পড়ার কারণ ও পুরুষের টাক পড়ার পার্থক্য

নানান কারণে নারীদের স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে। মানসিক চাপ, পুষ্টিহীনতা কিংবা হরমোনের তারতম্যে এমনটা হতে দেখা যায়। তবে জিনগত কারণে পুরুষদের টাক পড়লেও নারীদের ক্ষেত্রে সাধারণত টাক পড়ে না। নারীদের বড়জোর মাথার তালুর দিকের কিছুটা অংশ ফাঁকা হয়ে যায়।

পুরুষ ও নারীর চুল পড়ার পার্থক্য

অরোরা স্কিন অ্যান্ড অ্যাস্থেটিকসের সিনিয়র কনসালট্যান্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহাবুবুর রহমানের মতে, পুরুষের দেহে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি থাকে। এই হরমোনের প্রভাবে ধীরে ধীরে চুল পাতলা হয়ে যায় এবং নতুন চুল গজায় না। পুরুষের মাথার তালুসহ বেশ কিছু অংশে চুলের ফলিকলে এই হরমোনের জন্য বিশেষ ধরনের রিসেপ্টর থাকে। তাই যাঁদের টাক পড়ে যাওয়ার জিনগত বৈশিষ্ট্য থাকে, তাঁদের মাথার ওই অংশের চুল পড়ে যায়, যেখানে রিসেপ্টরগুলো থাকে।

অন্যদিকে নারীর দেহে এই হরমোনের মাত্রা অনেক কম। চুলে এই হরমোনের জন্য রিসেপ্টরের সংখ্যাও কম। তাই নানা কারণে নারীর চুল পড়লেও পুরুষের মতো টাক পড়ে না। তা ছাড়া নারীর দেহে থাকা ইস্ট্রোজেন হরমোন চুল পড়ে যাওয়া প্রতিরোধ করে।

নারীদের চুল পড়ার কারণ

নারীদের ক্ষেত্রে মানসিক চাপ, পুষ্টিহীনতা কিংবা হরমোনের তারতম্যে অতিরিক্ত চুল পড়তে পারে। যে কারণে চুল পড়ছে, সেটির সমাধান হয়ে গেলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা সেরে যায়। কিছু রোগে নারীর দেহে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়তে পারে। এর প্রভাবে মাথার কিছু অংশে টাক পড়তে পারে। তবে যেহেতু নারীর চুলের ফলিকলে এই হরমোনের রিসেপ্টর তুলনামূলক কম, তাই এ ক্ষেত্রেও পুরুষের মতো বড় ধরনের টাক পড়ে না।

নারীদের টাক পড়লে মাথার তালুর দিক থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিচের দিকে ছড়াতে পারে। সিঁথি অস্বাভাবিক চওড়া হয়ে যেতে পারে। তবে চিকিৎসা নিলে এ সমস্যার উপশম হয় অনেকটাই।

কিছু ক্ষেত্রে নারীদেরও টাক পড়া

বিভিন্ন রোগে নারীর মাথায়ও আংশিক টাক পড়তে পারে। এ ধরনের একটি রোগ হলো অ্যালোপেসিয়া এরিয়াটা, যে রোগের নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আরেকটি রোগ হলো মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ। এসব ক্ষেত্রে ধৈর্য ধরে সঠিক চিকিৎসা নেওয়া হলে রোগটি পুরোপুরি সেরে যায়। টাক পড়ে যাওয়া অংশে নতুন করে চুলও গজায়। তাই গোছা গোছা চুল পড়ে গেলে দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। তখন কারণ অনুযায়ী চিকিৎসা দেবেন তিনি।