স্ট্রোক বিশ্বব্যাপী শারীরিক অক্ষমতার একটি প্রধান কারণ। রক্তনালির জটিলতায় হঠাৎ মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। উন্নত চিকিৎসায় স্ট্রোকে মৃত্যুহার কমলেও বেঁচে ফেরা রোগীদের অধিকাংশই নানা শারীরিক, মানসিক ও স্নায়বিক জটিলতায় ভোগেন। পুনর্বাসনই তাদের স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র পথ, যার জন্য প্রয়োজন একজন ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন বিশেষজ্ঞের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
স্ট্রোক-পরবর্তী জটিলতা
স্ট্রোকের পর শরীরের এক পাশে পক্ষাঘাত ছাড়াও অন্যান্য জটিলতা ও ঝুঁকি দেখা দেয়। যেমন—পেশি শক্ত হওয়া, হাত-পা বাঁকা হওয়া, কাঁধে প্রদাহ ও ব্যথা, নড়াচড়ায় সমস্যা, রক্ত সঞ্চালন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অঙ্গগুলোতে ত্রুটি, ভারসাম্যহীনতার কারণে পড়ে গিয়ে হাড় ভাঙা, দীর্ঘক্ষণ এক অবস্থানে থাকায় হাড়ের ওপরের ত্বকে সংক্রমণ ও অচল পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধতে পারে। জমাট রক্ত ফুসফুসে গেলে পালমোনারি এম্বোলিজম রোগে মৃত্যুও হতে পারে।
এ ছাড়া খাবার গ্রহণ ও শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা দেয়। খাদ্য বা লালা শ্বাসনালিতে গিয়ে এসপিরেশন নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, যা স্ট্রোক রোগীদের মৃত্যুর অন্যতম কারণ। কফ পরিষ্কার করতে না পারায় নিউমোনিয়া, কাশি (সিলিয়ারি ডিসফাংশন) দেখা দিতে পারে। অন্যান্য জটিলতার মধ্যে মানসিক অবসাদ, মূত্রনালির সংক্রমণ, খিঁচুনি উল্লেখযোগ্য।
কেন শুধু ফিজিওথেরাপিস্ট যথেষ্ট নয়
স্ট্রোকের রোগীকে সারিয়ে তুলতে ফিজিওথেরাপিস্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি ব্যায়াম, গেট ট্রেনিং, স্ট্রেচিং, মোবিলাইজেশন, বৈদ্যুতিক উদ্দীপনা ইত্যাদি দিয়ে পেশির শক্তি ও নড়াচড়া ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তিনি রোগনির্ণয়, ওষুধ, ইনজেকশন বা কোনো চিকিৎসা পদ্ধতি প্রেসক্রাইব করেন না।
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের ভূমিকা
রোগীর স্নায়বিক অবস্থা, পেশির টান, জোড়ার গতি, গিলার সক্ষমতা, মানসিক অবস্থা—সবকিছু একসঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনে ইলেকট্রোমায়োগ্রাফি, সোয়ালো স্টাডি, ডপলার আলট্রাসাউন্ড করতে হতে পারেন। এর ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন পরিকল্পনা করতে হবে। এ কাজ করে থাকেন একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।
আদর্শ স্ট্রোক রিহ্যাব টিম
একটি আদর্শ স্ট্রোক রিহ্যাব (পুনর্বাসন) দলের সদস্যরা হলেন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট/মেডিসিন বিশেষজ্ঞ, পুষ্টিবিদ ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।
ডা. এইচ এন মাসুক রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স (বিআইএইচএস) জানান, স্ট্রোক পুনর্বাসনে সমন্বিত দৃষ্টিভঙ্গি জরুরি।



