শরীরের যে সব স্থান ভেজা থাকে, সেখানে ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি দেখা যায়। ব্যাকটেরিয়ার কারণেই শরীরে দুর্গন্ধ তৈরি হয়। এই অণুজীবগুলো মূলত মানুষের ঘাম খেয়ে বেঁচে থাকে। বয়সভেদে একজন মানুষের শরীরে ৪০ ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। শৈশবের পর মানুষের শরীরে ব্যাকটেরিয়ার সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বিশেষ করে বগল ও শরীরের অন্যান্য ভেজা স্থানে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি হয়।
ব্যাকটেরিয়া কী?
ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক জীবন্ত জিনিস। প্রতিটি ব্যাকটেরিয়া একক কোষ দিয়ে গঠিত। কিছু ব্যাকটেরিয়া আমাদের জন্য ক্ষতিকর হলেও, অনেক ব্যাকটেরিয়াই আমাদের উপকার করে। সুস্থ থাকার জন্যও ব্যাকটেরিয়ার প্রয়োজন রয়েছে।
পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব
সাবান দিয়ে গোসল করলে এসব ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। তাই ব্যায়াম বা খেলাধুলার পর শরীর ধুয়ে ফেলা বা ভালোভাবে গোসল করা উচিত। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা শরীরের দুর্গন্ধ কমাতে এবং ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করতে সহায়ক।
সূত্র: আস্ক আ সায়েন্টিস্ট। লেখাটি ২০২৫ সালে বিজ্ঞানচিন্তায় জানুয়ারি সংখ্যায় প্রকাশিত।



