জিব ফাটা ও জ্বালাপোড়ার কারণ ও প্রতিকার
জিব ফাটা ও জ্বালাপোড়ার কারণ ও প্রতিকার

জিবের ওপর চেরার মতো দাগ, খাবার খেতে জ্বালা করা কিংবা ঝাল-টক কিছু খেলেই অসহ্য অস্বস্তি হয়। এই সমস্যা অনেকেরই হয়, কিন্তু এর কারণ ও প্রতিকার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা ভোগেন।

জিব কেন ফেটে যায়

কারও কারও ক্ষেত্রে এটি জন্মগত বা বংশগত বৈশিষ্ট্য হতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অথবা লালাগ্রন্থির জটিলতা বা বিশেষ কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় জিবের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে এ সমস্যা বাড়ে। শরীরে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি১২, জিংক বা অন্যান্য পুষ্টির ঘাটতি থাকলে জিব পাতলা, লাল, মসৃণ বা ফাটা হয়ে যেতে পারে। যাঁরা অনিয়মিত খাবার খান, অতিরিক্ত ডায়েট করেন বা অপুষ্টিতে ভোগেন, তাঁদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। নারীদের ক্ষেত্রে মাসিকের সময়, গর্ভাবস্থায়, সন্তান জন্মের পর কিংবা মেনোপজের সময় হরমোনের ওঠানামার কারণে মুখ শুকিয়ে যাওয়া, স্বাদের পরিবর্তন, জিবে জ্বালা বা সংবেদনশীলতা বাড়তে পারে। অনেক নারী মাসিকের আগে বা মাসিক চলাকালে জিবে ব্যথা, মুখে ঘা বা জ্বালাপোড়া অনুভব করেন।

কোনো রোগ কি দায়ী

ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, রক্তশূন্যতা, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, কিডনি বা লিভারের কিছু রোগ, অটো ইমিউন রোগ, সোরিয়াসিস কিংবা জোগ্রেন সিনড্রোমে মুখ শুকিয়ে গিয়ে জিব ফেটে যেতে পারে। মানসিক চাপ, উদ্বেগ ও অনিদ্রাও জিবে জ্বালাপোড়া বাড়াতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে ‘বার্নিং মাউথ সিনড্রোম’ দেখা যায়, যেখানে জিবে আগুন লাগার মতো অনুভূতি হয়, কিন্তু দৃশ্যমান ক্ষত খুব কম থাকে। এ ছাড়া মুখে ছত্রাক সংক্রমণ, ভাইরাল ইনফেকশন, দাঁতের ধারালো অংশ, ভাঙা দাঁত, ত্রুটিসম্পন্ন কৃত্রিম দাঁত, ধাতব ফিলিং, অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার, ধূমপান, পান-জর্দা, অ্যালকোহল বা অতিরিক্ত মসলাযুক্ত ঝাল খাবারও জিবে ফাটল ও জ্বালা তৈরি করতে পারে। অ্যালার্জির কারণে, কিছু টুথপেস্টে বা কসমেটিক পণ্যে অনেকের জিবে জ্বালা হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

করণীয়

প্রচুর পানি পান করুন, ঝাল-টক-অতিরিক্ত গরম খাবার কিছুদিন কমান। ধূমপান ও তামাকজাত দ্রব্য বন্ধ করুন। নিয়মিত দাঁত ও জিব পরিষ্কার রাখুন। পুষ্টিকর খাবার—ডিম, মাছ, দুধ, শাকসবজি, ফলমূল, বাদাম ও ডাল বেশি খান।

কখন চিকিৎসকের কাছে যাবেন

দুই সপ্তাহের বেশি সমস্যা থাকলে, খেতে কষ্ট হলে, রক্ত পড়লে, মুখে সাদা/লাল দাগ থাকলে, ওজন কমে গেলে বা জ্বালা বাড়তেই থাকলে দ্রুত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, জিব শুধু স্বাদ নেওয়ার অঙ্গ নয়, এটি শরীরের অনেক রোগের বার্তাও দেয়।

ডা. মো. আসাফুজ্জোহা, রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা