সুন্দরবনে বনদস্যু-বনকর্মী গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার
সুন্দরবনে বনদস্যু-বনকর্মী গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে উদ্ধার করেন। এছাড়া বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা

উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ।

ঘটনার বিবরণ

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনদস্যুরা গুলি ছুড়লে বনকর্মীরাও পালটা গুলি ছোড়েন। তাদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছোড়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, পরে দস্যুরা তাদের ট্রলার এবং চারজন জিম্মিকে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে রয়েছেন। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দস্যুদের পরিচয়

বন কর্মকর্তা জানান, বনরক্ষীদের সঙ্গে গোলাগুলিতে জড়িত দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে। সুন্দরবনে ডাকাতির ঘটনায় এ বাহিনী জড়িত বলে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ