ময়মনসিংহে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৩১
ময়মনসিংহে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত এই মৃত্যু ঘটে। এ নিয়ে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হলো।

মৃত্যুর বিবরণ

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১১ মে জামালপুর সদর থেকে তিন মাস বয়সি এক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১২ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটি ১০ মাস বয়সি, যে গত ৫ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. মাইনউদ্দিন খান আরও জানান, দুই শিশুই হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের বর্তমান পরিস্থিতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ২৯৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৬৬ শিশু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ