গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪৫ শিশুর। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত্যুর বিস্তারিত ও অঞ্চলভিত্তিক তথ্য
ছয় শিশুর মধ্যে চারজনই মারা গেছে ময়মনসিংহে। এ ছাড়া ঢাকা ও খুলনায় দুই শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬১৫ শিশু মারা গেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৩ শিশুর। এ পর্যন্ত মোট ৭০৮ শিশু মারা গেছে।
আক্রান্ত ও সুস্থতার পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮ হাজার ২৬৬ শিশুর। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৯ হাজার ৮৬০ শিশু। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮ হাজার ২৮৭ শিশু।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসা
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



