চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে মানুষ যে কত বড় বিপদে পড়তে পারে, তার জ্বলন্ত উদাহরণ চীনের লি। ৬৩ বছর বয়সী এই বৃদ্ধ দেশটির শানজি প্রদেশের বাওজি শহরের বাসিন্দা।
বিজ্ঞাপনের লোভনীয় প্রতিশ্রুতি
বেশ কয়েক দিন ধরে লি একটি দাঁতের ব্যথায় ভুগছিলেন। এ সময়ে একটি ডেন্টাল ক্লিনিকের বিজ্ঞাপনে লির চোখ আটকে যায়। লেখা ছিল, ‘সকালে দাঁত লাগান, দুপুরে মাংস খান’, ‘সব দাঁত ঠিক রাখুন, ১০০ বছর বাঁচুন’। তিনি ক্লিনিকে যোগাযোগ করেন। ক্লিনিক কর্তৃপক্ষ তখন তাঁকে বিনা মূল্যে দাঁতের পরীক্ষার লোভ দেখান এবং তাঁকে বাড়ি থেকে ক্লিনিকে নিয়ে যেতে গাড়ি পাঠান।
প্রতারণার শিকার লি
ক্লিনিকে পৌঁছানোর পর লি–কে ভুল বুঝিয়ে প্রথমে তাঁর মুখে থাকা অবশিষ্ট ১২টি দাঁত একে একে উপড়ে ফেলা হয়। তারপর ১০টি কৃত্রিম দাঁত বসানো হয়। লি হৃদ্রোগে ভুগছেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি জটিল রোগও তাঁর রয়েছে। তাঁর হার্টে চারটি স্টেন্টও বসানো। চিকিৎসকদের মতে, এ ধরনের রোগীদের ক্ষেত্রে একসঙ্গে এতগুলো দাঁত তোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এমনকি এটা তাঁর মৃত্যুর কারণও হতে পারে।
আর্থিক ক্ষতি ও ব্যবস্থা
শুধু মৃত্যুর ঝুঁকিতে নয়, লির আর্থিক ক্ষতিও হয়েছে। কারণ, দাঁত উপড়ানো ও কৃত্রিম দাঁত বসানোর খরচ বাবদ ক্লিনিক কর্তৃপক্ষ লির ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেট থেকে কৌশলে ১৮ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৮০০ মার্কিন ডলার) তুলে নেয়। তাঁকে আরও ৬ হাজার ২০০ ইউয়ান বকেয়া বিল ধরিয়ে দেওয়া হয়। লির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় স্বাস্থ্য ব্যুরো ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং লির অর্থ ফেরতের নির্দেশ দিয়েছে।



