সিলেট বিভাগে হামের সংক্রমণ দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম সন্দেহে ও হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
নতুন করে মৃত্যুর খবর
রবিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া দুই শিশু হলো- হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ৯ মাস বয়সী ছেলে আকরামুল এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ৮ মাস বয়সী ছেলে সাইফান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আকরামুল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে, সাইফান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
নতুন সন্দেহভাজন রোগী ও চিকিৎসাধীন অবস্থা
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ‘ল্যাব কনফার্ম’ কেস পাওয়া না গেলেও ১২২ জন নতুন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে এখনও অনেক অভিভাবক তাদের শিশুদের টিকা দিতে অনীহা প্রকাশ করছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।



