চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজন ছাড়া বাকি ৩২ জনই নগরীর বাসিন্দা। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই দিনে সুস্থ হওয়ায় নগরীর ১৩ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। তবে ঢাকা থেকে পরীক্ষার প্রতিবেদন না আসায় এদিন নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।
সূত্র জানায়, চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ৭৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৪ জন এবং উপজেলার ২৪ জন বাসিন্দা। এ পর্যন্ত মোট ৫৮৯ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ৪৬৬ জন এবং উপজেলার ১২৩ জনের নমুনা রয়েছে। তবে সোমবার নতুন কোনো নমুনা পাঠানো হয়নি। এর আগে শনিবার নগরীর আরও ৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৩৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত নগরী ও উপজেলার ৪৪৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।



