নেত্রকোনায় মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নাগরিকেরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা নাগরিক অধিকার কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য
আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুশ শাহাদাৎ নাজুর পরিচালনায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন জন–উদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, কবি কামাল হোসাইন, ব্যাংক কর্মকর্তা এ বি এম আবদুল হাদী ফরাজী, জেলা গ্রন্থ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা উদীচীর নির্বাহী সদস্য পল্লব চক্রবর্তী প্রমুখ।
নিজস্ব ক্যাম্পাসের অভাবে সংকট
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩৩। কিন্তু এখনো মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের জায়গা নির্ধারিত হয়নি। এ পরিস্থিতিতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে। নতুন মেডিকেল কলেজ হিসেবে আবাসন, শ্রেণিকক্ষ, গবেষণাগারসংকট মেনে নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে বিষয়ভিত্তিক শিক্ষকস্বল্পতা এবং ক্লিনিক্যাল শিক্ষায় ঘাটতির বিষয়টি দৃষ্টিকটু।
অধ্যক্ষের বক্তব্য
এসব সংকটের বিষয়ে নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল হাসান বলেন, ‘স্থায়ী জায়গা যেহেতু নির্ধারণ করা হয়নি, তাই যতটুকু পারছি, এই অল্প পরিসরের মধ্যেই প্রয়োজনীয় বিষয়গুলো করে নেওয়া হচ্ছে। কিছু সংকট আছে, এরপরও শিক্ষার্থীরা ভালো ফল করছেন। তাঁদের পাসের গড় হার ৯৮ শতাংশ।’



