শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বুধবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রীর বক্তব্য
আলোচ্য অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।” এসময় তিনি আরও বলেন, “দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।”
সবার প্রতি অনুরোধ
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে যেন কোনও ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হন।



