ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি ড্যাফোডিল গ্রুপ পরিদর্শন করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ ইংরেজি ভাষা শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান উপযোগী দক্ষতা এবং বৈশ্বিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করে।
প্রতিনিধিদলের নেতৃত্ব ও অংশগ্রহণ
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধিদলে আরও ছিলেন ব্রিটিশ কাউন্সিলের (লন্ডন) চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকার ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য এবং ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সহযোগিতার লক্ষ্য ও সম্ভাবনা
বৈঠকে মো. সবুর খান বলেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়; এটি বৈশ্বিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা আরও বিস্তৃত করতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই সহযোগিতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা ড্যাফোডিল গ্রুপের সমন্বিত শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। প্রাক্-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্কুল, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম একই প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।



