নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আজিজ আল কায়সার। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর নেতৃত্ব, কৌশলগত দূরদর্শিতা এবং অব্যাহত অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০২৬-২৭ মেয়াদেও এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন মেয়াদে পুনর্নিয়োগ
বুধবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আল কায়সারের নেতৃত্বে এনএসইউতে সুশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।
আজিজ আল কায়সারের প্রতিক্রিয়া
চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পাওয়ার পর আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বোর্ড আবারও আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। এনএসইউ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করে যাব।’
উপাচার্যের অভিনন্দন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অব্যাহত রাখায় আজিজ আল কায়সারকে আন্তরিক অভিনন্দন। তাঁর নেতৃত্ব এনএসইউকে শিক্ষা, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আজিজ আল কায়সারের পটভূমি
আজিজ আল কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রয়াত এম এ হাশেমের পুত্র। তিনি বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির সদ্য সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে এনএসইউর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। করপোরেট খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষার উন্নয়নে অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



