প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছেন। তিনি প্রাথমিক শিক্ষকদের বর্তমান সম্মানী বা বেতন কাঠামো বাড়ানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে জাতীয় বাজেটের বড় একটি অংশ এই খাতে বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, 'প্রাথমিক স্কুলের শিক্ষকদের সম্মানী বাড়ানো হবে। আমরা চাই শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।'
শিক্ষা খাতে বাজেট বরাদ্দ
শিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, 'আগামীতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে রাখতে চাই। জিডিপির বড় একটি অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হবে।'
শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন, আগামী জুলাই মাস থেকে ধারাবাহিকভাবে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ড্রেস এবং জুতা প্রদান করা হবে। তিনি বলেন, 'আমি চাই আমাদের শিক্ষার্থীরা যেন উন্নত বিশ্বের মতো সুন্দর পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায়।'
নারী শিক্ষায় উৎসাহ
নারীদের শিক্ষায় উৎসাহিত করতে বিএনপি সরকারের বিগত আমলের পদক্ষেপ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'অতীতে আমরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলাম। এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আরও জোরদার করা হবে।'
জ্বালানি সংকট ও বন্যা মোকাবিলা
চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'জ্বালানি সংকটে দেশের মানুষ কষ্ট পেয়েছে। এ সমস্যা সমাধানে আমরা বিরোধী দলের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছি এবং একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান আসবে।'
দেশের সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সংসদের ভূমিকা
সংসদকে জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'এ সরকার জনগণের নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার। জনগণের দেখভাল করাই আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।'



