জাপানে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় বৃত্তি মেক্সট (MEXT) এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই স্কলারশিপটি বিশ্বের ১৬০টির বেশি দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।
মেক্সট বৃত্তির সুযোগ-সুবিধা
এই বৃত্তি পেলে শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ফি বা কোনো পরীক্ষার ফি দিতে হবে না। জাপান যাওয়া এবং দেশে ফেরার বিমানভাড়াও বহন করে মেক্সট। মাসিক উপবৃত্তি দেওয়া হয়, যা গবেষণা পর্যায়ে প্রায় ১ লাখ ৪৩ হাজার ইয়েন, স্নাতক পর্যায়ে ১ লাখ ১৭ হাজার ইয়েন এবং কলেজ অব টেকনোলজি ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামের জন্য ১ লাখ ১৭ হাজার ইয়েন। এছাড়া, আইইএলটিএস বা টোয়েফলের স্কোর ছাড়াই আবেদন করা যায়, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজি হতে হবে।
আবেদনের যোগ্যতা ও শর্ত
আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে। গবেষণা পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি) আবেদনের জন্য জন্মসাল ১৯৯২ সালের ২ এপ্রিলের পর হতে হবে। স্নাতক পর্যায়ের জন্য জন্মসাল ২০০২ সালের ২ এপ্রিলের পর এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। কলেজ অব টেকনোলজি ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামের জন্যও অনুরূপ বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য।
প্রোগ্রামভিত্তিক আসন সংখ্যা
গবেষণা পর্যায়ে ৪০ জন, স্নাতকে ২৫ জন, কলেজ অব টেকনোলজিতে ১৫ জন এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজে ৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহীদের অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের লিংক: http://202.4.112.150:3030। অনলাইনে আবেদনের পর হার্ড কপি সচিবালয়ে জমা দিতে হবে ১২ মে ২০২৬ বিকেল ৪টার মধ্যে। আবেদনের সঙ্গে সত্যায়িত কপি জমা দিতে হবে: শিক্ষাগত সনদ, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স এবং আইইএলটিএস/টোয়েফলের সার্টিফিকেট (যদি থাকে)।
নির্বাচন প্রক্রিয়া
প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষা হবে, যেখানে ইংরেজি দক্ষতা যাচাই করা হবে। চূড়ান্ত মনোনীতদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিষয়সমূহ
গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটিং সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।



