এসএসসি ২০২৬: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি ২০২৬: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রস্তুতি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই বিষয়ের মোট নম্বর ৫০, যার মধ্যে বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর। পরীক্ষায় চারটি নির্দিষ্ট অধ্যায় থেকে প্রশ্ন আসবে। নিচে অধ্যায়ভিত্তিক প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হলো।

অধ্যায় ২: কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা

এই অধ্যায়ে আইসিটি যন্ত্র বলতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি বোঝায়। জ্ঞানমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই বিষয়টি মনে রাখতে হবে। সফটওয়্যার ডিলিট ও আনইনস্টল করা এক জিনিস নয়, এদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাসের নামগুলোর স্পষ্ট ধারণা রাখা জরুরি। সিডি, পেনড্রাইভ, মেমোরি কার্ড সহজেই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, তাই এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাধারণ ট্রাবলশুটিংয়ের প্রতিটি সমস্যা ও সমাধানের জন্য বাস্তব জ্ঞান থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কম। যেমন সিস্টেম চালু না হওয়ার কারণ, মনিটরে কিছু না দেখা, সিস্টেম গরম হয়ে যাওয়া, কম্পিউটার মাঝেমধ্যে শাটডাউন হওয়া, উইন্ডোজ চালুর সময় হ্যাং হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধান জানতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি, সাইবার অপরাধ, হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডি ডস আক্রমণ, সাইবার বুরিং, ফেক নিউজ, ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, সামাজিক নেটওয়ার্কে আসক্তি, আসক্তি থেকে মুক্ত থাকার উপায়, পাইরেসি, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা, তথ্য অধিকার ও নিরাপত্তা—প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে পড়তে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধ্যায় ৪: আমার লেখালেখি ও হিসাব

অনেক সময় ব্যবহারিক অংশের বহুনির্বাচনি প্রশ্নে সফটওয়্যারের ভার্সন পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা ভুল করে থাকে। ওয়ার্ড ২০০৭-এর সঙ্গে ওয়ার্ড ২০১০-এর কিছু পরিবর্তন লক্ষ করা যায়। এ ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান থাকলে অসুবিধা হওয়ার কথা নয়। অফিস বাটনসহ এর বিভিন্ন অপশন যেমন হোম, নিউ, ওপেন, সেভ, সেভ এজ, ক্লোজ সম্পর্কে ধারণা রাখতে হবে। হোম ট্যাব, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ইনসার্ট ট্যাব থেকে টেবিল তৈরি করার কৌশল জানতে হবে।

অধ্যায় ৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিকস

এই অধ্যায়ে অন্তর্ভুক্ত বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিকস, ভিডিও, শব্দ বা অডিও, অ্যানিমেশন ও ইন্টারঅ্যাকটিভ কম্পিউটিং সম্পর্কে ভালো করে পড়তে হবে। মাল্টিমিডিয়ার ব্যবহার ও প্রেজেন্টেশন সফটওয়্যার পর্যন্ত ভালো করে পড়া উচিত। এখানে অনেক নতুন নতুন বিষয় থাকবে, তাই সেগুলো বারবার পড়া জরুরি।

অধ্যায় ৬: প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান

সমস্যা সমাধানে প্রোগ্রামিং, প্রোগ্রামিং ভাষা, মেশিন ভাষা, কম্পাইলার ও ইন্টারপ্রেটার, পাইথন, টেক্সট প্রদর্শন করা, চলক এর ব্যবহার ও নামকরণ সঠিক ও ভুল, ডেটা টাইপ হিসেবে পূর্ণসংখ্যা, ভগ্নাংশ, টেক্সট বা অক্ষর, সত্য বা মিথ্যা সঠিকভাবে নির্বাচন করতে হবে। কাস্টিং, প্রোগ্রামের ডেটা ইনপুট, গাণিতিক অপারেশন, বিভিন্ন অপারেটর, স্টেটমেন্ট, ম্যাচ এক্সপ্রেশন, লুপের ব্যবহারগুলো নতুন হওয়ার কারণে বারবার অনুশীলন করতে হবে।

মনে রাখার বিষয়

  • প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো মনোযোগসহকারে আরেকবার দেখে নিতে হবে।
  • পরীক্ষার আগের কয়েকদিন পাঠ্যবইয়ের সিলেবাসের অধ্যায়গুলো ভালো করে রিভিশন দিতে হবে।
  • বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।
  • ভুল করে অন্য কোনো প্রশ্নে বৃত্ত ভরাট না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রকাশ কুমার দাস: সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা