ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং আইটিএন-বুয়েট, ইউআইইউ-সিএসআইআরএস, এসকেএস এবং ওয়াটারফ্রেশ অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া-বাংলাদেশের সহযোগিতায় ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে এক সেমিনার গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জলবায়ুজনিত প্রতিবন্ধকতা মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগগুলোর ওপর তিনি আলোচনা করেন। এ ছাড়া তিনি পানি নিরাপত্তাকে জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িত উল্লেখ করে তথ্যপ্রমাণভিত্তিক নীতি প্রণয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান।
সম্মানিত অতিথির বক্তব্য
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজচিন্তাবিদ, ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিপিআরসির প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি তাঁর বক্তব্যে পানির অধিকারকে শুধু একটি সম্পদগত বিষয় নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের বিষয় হিসেবে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়া তিনি বাংলাদেশে কার্যকর পানি নীতি প্রণয়নে গবেষণা ও তথ্যভিত্তিক অন্তর্দৃষ্টির ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথি ও সভাপতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পলিসি সাপোর্ট শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া। তিনি বলেন, পানি অধিকারের মতো জাতীয় বিষয়াবলিতে গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সংলাপ প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া তিনি বলেন, এই সেমিনার বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য টেকসই সমাধান তৈরিতে অবদান রাখবে।
কি-নোট পেপার উপস্থাপনা
সেমিনারে দুটি কি-নোট পেপার উপস্থাপনা করেন ইউআইইউ সিএসআইআরএসের পরিচালক অধ্যাপক মো. মুজিবুর রহমান এবং আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক রওশন মমতাজ। বক্তারা বিশ্ব পানি দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘পানি ও লিঙ্গ: যেখানে পানির প্রবাহ, সেখানেই সমতার বিকাশ’-এর সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য একটি অধিকারভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোকপাত করেন।
অংশগ্রহণ
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পানিবিশেষজ্ঞ, সাংবাদিকসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।



