অধ্যাপক মোহা. আলাউদ্দিন আল আজাদ এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পরীক্ষায় ভালো করার জন্য কয়েকটি বিষয় মেনে চলা জরুরি। নিচে সেই পরামর্শগুলো তুলে ধরা হলো।
আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিন
প্রথম পরীক্ষা শেষ হয়েছে, আজ দ্বিতীয় পরীক্ষা। কোনো ধরনের পরীক্ষাভীতি না এনে আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিন। যে বিষয়গুলো কঠিন মনে হয়, সেগুলো বারবার অনুশীলন করে আয়ত্তে আনার চেষ্টা করুন।
বোর্ড প্রশ্নের ওপর জোর দিন
বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্ন টেস্ট পেপারে থাকে। সেগুলো একবার হলেও দেখে নিন। প্রয়োজনে সমাধান করে আয়ত্তে আনুন।
সময়ের সঠিক ব্যবহার করুন
উত্তরপত্রে উত্তর লেখার জন্য সময়ের সঠিক বণ্টন করে নিন। কোনো একটি প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সব প্রশ্নের উত্তর যথাসময়ে শেষ করার চেষ্টা করুন।
শরীরের সুস্থতা বজায় রাখুন
এখন ঋতু পরিবর্তনের সময়। গরমে অনেকের ঠান্ডা লাগছে, তাই সব সময় সাবধানে থাকবেন, যেন অসুখে না পড়েন।
সতর্কতা অবলম্বন করুন
পরীক্ষার দিনগুলোতে আগেই কেন্দ্রে পৌঁছান। প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়ুন এবং আপনার কাছে যে প্রশ্নের উত্তর সবচেয়ে সহজ, সেটি আগে উত্তর করুন।
রিভিশন দেওয়া জরুরি
পরীক্ষা শেষে উত্তরপত্র রিভিশন দেওয়ার জন্য আলাদা সময় রাখুন। লেখা শেষ করে উত্তরপত্র অবশ্যই রিভিশন করুন।
অধ্যাপক মোহা. আলাউদ্দিন আল আজাদ অধ্যক্ষ, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।



