ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) ঢাকার ধানমন্ডি ক্লাবে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আলোচিত বিষয়
সভায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও বর্ণাঢ্য করতে নিবন্ধন কার্যক্রম, দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, অতিথি আমন্ত্রণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, প্রচার-প্রচারণা, অর্থায়ন, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের গুরুত্ব
সভায় বক্তারা বলেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম সমুন্নত রেখেছেন। শতবর্ষ উদযাপন সেই গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় উপস্থিত ব্যক্তিরা
অধ্যাপক ড. শামীম রেজার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হোসেন খান। এতে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং গভর্নিং কমিটির সভাপতি তানভীর রশিদ। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন– ডা. গোলাম মোস্তফা নওশা, শাহজাহান মৃধা, ডা. মীর নজরুল ইসলাম, সৈয়দ মো. সুলতান উদ্দিন আহমেদ, জ্ঞানেন্দ্র বিশ্বাস প্রমুখ।



