এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি, অভিভাবকদের উদ্বেগ ও কেন্দ্রের দৃশ্য তুলে ধরা হয়েছে ছবির গল্পে।
শেষ মুহূর্তের প্রস্তুতি
পরীক্ষা শুরুর ঠিক আগে বইয়ের পাতায় শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন পরীক্ষার্থীরা। ভ্যাপসা গরমের মধ্যে হাতে থাকা ছোট্ট ফ্যানটি দিয়ে সন্তানকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছেন একজন অভিভাবক। কেন্দ্রে প্রবেশের আগে শেষ মূহূর্তের প্রস্তুতি নিচ্ছেন দুই পরীক্ষার্থী। পদচারী–সেতুর সিঁড়িই যেন পড়ার টেবিল; পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে নিবিড় মনোযোগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর আগে বিড়ম্বনা
পরীক্ষা শুরুর আগে আরেক বিড়ম্বনা—গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভিজে যাওয়া থেকে বাঁচাতে সন্তানের মাথায় ফাইল ধরে আছেন মা। পরীক্ষা শুরুর আগে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে প্রবেশের আগে সন্তানকে জড়িয়ে ধরে শুভকামনা জানাচ্ছেন এক অভিভাবক।
কেন্দ্রে প্রবেশ
ঘড়িতে তখন ঠিক ৯টা ৩০ মিনিট। কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে প্রবেশ করছেন একজন প্রবীণ পরীক্ষার্থী। দেরিতে আসা পরীক্ষার্থীদের তথ্য নথিভুক্ত করতে গিয়ে কেন্দ্রের প্রবেশপথে তৈরি হয় দীর্ঘ সারি।
পর্যবেক্ষণ ও নিরাপত্তা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থানের জন্য লাল পতাকা দিয়ে নির্দিষ্ট সীমানা চিহ্নিত করা হয়েছে।



