কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ক্লাসরুমে সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাঠদানের সময় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। তবে শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় ফ্যানটি পড়ায় কেউ আহত হয়নি।
ঘটনার বিবরণ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন। পাঠদান চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে ক্লাসরুম ত্যাগ করে। বিষয়টি তাৎক্ষণিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের অবকাঠামো ঝুঁকি
এলাকাবাসী জানান, স্কুলের জরাজীর্ণ বিভিন্ন শ্রেণিকক্ষে বেশ কয়েকটি ফ্যান এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিদ্যালয়টির ভবনটি পুরনো এবং সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়ছে।
প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, 'আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।'



