বগুড়ায় বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষিকা সাহানারা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। স্কুলের গাছ থেকে আম পেড়ে খাওয়ার অভিযোগে তিন শিক্ষার্থীকে জুতার মালা পরানো এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা কাগজ ঝুলিয়ে বিদ্যালয় চত্বর ও শ্রেণিকক্ষে ঘোরানোর ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনের পর শাস্তি
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই বিভাগীয় উপপরিচালক ওই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পরবর্তীতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গত ২৮ এপ্রিল গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা সাহানারা ক্ষুব্ধ হন। পরদিন বিকালে তিনি চতুর্থ শ্রেণির দু’জন ও পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন। আম চুরির অভিযোগে তাদের বেত্রাঘাত করেন। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং ‘আমি আম চোর’ লেখা কাগজ শরীরে ঝুলিয়ে বিদ্যালয় চত্বর ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান। এ কাজে কয়েকজন শিক্ষকও সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে।
অভিভাবকদের প্রতিক্রিয়া
এ ঘটনা জানাজানি হলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের চাপের মুখে প্রধান শিক্ষিকা শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে এতে তারা সন্তুষ্ট না হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরখাস্তের পর এলাকায় স্বস্তি ফিরেছে।



