জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই মাস থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা প্রদান করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই উপকরণ বিতরণ করা হবে। পরবর্তীতে এই কর্মসূচি ধীরে ধীরে সম্প্রসারিত হবে।

আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত

বুধবার (২৯ এপ্রিল) সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা। যমুনা শিল্প গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বি এম জাহাঙ্গীর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাইলট প্রকল্প হিসেবে শুরু

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। আগামী জুলাই মাসে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এক লক্ষ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের কমিটমেন্ট পাওয়া গেছে বিজিএমইএ’র পক্ষ থেকে। শুরুতে শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্যই এই উদ্যোগ বাস্তবায়িত হবে। সরকারের এই উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন এবং আগামী দিনেও তারা সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব শিক্ষার্থীর জন্য একই ডিজাইন

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছর এটি পাইলট আকারে শুরু হচ্ছে এবং আগামী অর্থবছরে বড় আকারে বাস্তবায়িত হবে। ধীরে ধীরে প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, সারা দেশের ছেলে শিক্ষার্থীরা একই রঙের ব্যাগ, জামা ও জুতা পাবে। একইভাবে মেয়েরাও একই ধরনের জামা, জুতা ও ব্যাগ পাবে। এতে কোনো ব্যত্যয় হবে না।

অভিভাবকদের জন্য স্বস্তি

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করেন, বিনামূল্যে বই পান এবং মিড ডে মিল পান। এখন থেকে তারা জামা, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগও পাবে। ফলে অভিভাবকদের আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে কোনো অর্থ ব্যয় করতে হবে না। সারা দেশের শিক্ষার্থীদের জন্য একই ডিজাইন ও একই রঙের ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের মাধ্যমে সমতা ও শৃঙ্খলার একটি সুন্দর বার্তা প্রতিষ্ঠিত হবে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষার অধিকার বাস্তবায়ন

এই উদ্যোগ বাস্তবায়িত হলে অসহায় পরিবারের শিশুদের জন্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর কোনো আর্থিক বাধা থাকবে না। বই, খাবার, পোশাক—সবকিছুই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। এটি শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং সংবিধান প্রদত্ত শিক্ষার অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।