মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সময় বেড়ে ২৫ জুন পর্যন্ত
মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সময় বেড়েছে

মাধ্যমিক ও সমমান শ্রেণির (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন উপবৃত্তির জন্য। ২০২৬ সালের ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এ সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এক কথা জানানো হয়।

সময় বাড়ানোর ঘোষণা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) ২০২৬ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান অনলাইন আবেদনের সময় ১৪ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী কয়েকটি শর্ত প্রতিপালন করতে হবে।

আবেদনের পদ্ধতি ও শর্তাবলী

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যনরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা লিংকে প্রবেশ করে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের শর্তসমূহ

  • মেধার প্রমাণ: পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বর অথবা জিপিএ-৫-এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে।
  • বিশেষ বিবেচনা: এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে প্রমাণকের কপি আবশ্যিক।
  • আয়ের সীমা: মা-বাবা বা অভিভাবকের বাৎসরিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে। হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট: ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, মা ও বাবার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা মা বা বাবার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

অন্যান্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে জানা যায়, কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা–সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।