ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা আনতে রুটভিত্তিক কোম্পানি গঠনের উদ্যোগ
ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা আনতে রুটভিত্তিক কোম্পানি

রাজধানী ঢাকার রাস্তায় কোন রুটে কোন কোম্পানির বাস চলাচল করবে, তা নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

বাস চলাচলে শৃঙ্খলা আনতে কোম্পানি গঠন

মন্ত্রী জানান, ঢাকায় বাস চলাচলের শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে। এ জন্য প্রতিটি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে। তিনি বলেন, ‘ঢাকার রাস্তায় একই রং, নির্দিষ্ট মান ও ফিটনেস বজায় রেখে সব ধরনের সুবিধা নিশ্চিত করে তবেই বাস চালাতে হবে। সে ক্ষেত্রে সরকার ইলেকট্রিক যানকে উৎসাহিত করছে। এ কাজ অনেক দূর এগিয়েছে।’

বাস টার্মিনাল স্থানান্তর

মন্ত্রী বলেন, ‘ঢাকা শহর থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নিতে দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে।’ তিনি আরও বলেন, ‘গাবতলী বাস টার্মিনাল চলে যাবে হেমায়েতপুরে। মহাখালী বাস টার্মিনাল যাবে উত্তরার আবদুল্লাহপুরের কাছাকাছি জায়গায়। সেখানে ৫০ বিঘা জায়গা অধিগ্রহণের কাজ চলছে। অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। ফুলবাড়িয়া টার্মিনাল চলে যাবে কেরানীগঞ্জে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাস কাউন্টার সরানোর উদ্যোগ

ঢাকার বাস কাউন্টারগুলোকে একটি কাঠামোর আওতায় আনার কাজ চলছে বলে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘কলাবাগান, কল্যাণপুরসহ যেসব জায়গায় বাস কাউন্টারকে কেন্দ্র করে টেম্পরারি টার্মিনালের মতো হয়েছে, তারা কাউন্টারগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেবে। কাউন্টারের সামনে বাস এনে যাত্রী ওঠানামা করাতে পারবে না। সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফতুল্লায় মাটি সরানো প্রসঙ্গে

এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল লিংক সেতুর নিচে থেকে মাটি সরানো নির্মাণকাজেরই অংশ। কোনো গোষ্ঠী মাটি বিক্রি করে লাভবান হচ্ছে, এমন কোনো বিষয় নেই। ঠিকাদারের সাথে চুক্তি ছিল মাটি সরাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেটি হয়নি। ওই মাটি এখন সরানো হচ্ছে। এর ফলে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না।’

রেলওয়ের জন্য আধুনিক বগি ক্রয়

রেলওয়ের জন্য আগামী মাসে ১৫০টি আধুনিক বগি কিনতে যাচ্ছে সরকার—এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী রেলের উন্নয়নকে প্রধান্য দিয়ে সব প্রকল্পে সম্মতি দিয়েছেন।’