নারায়ণগঞ্জে হকারদের হামলায় সিটি করপোরেশনের দুই কর্মচারী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকালে শহরের চাষাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- রুহুল আমিন ও জাহাঙ্গীর।
হামলার ঘটনা
সিটি করপোরেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ফুটপাত ও রাস্তা দখল করে বসা হকারদের উচ্ছেদ করে। তবে উচ্ছেদের কয়েকদিন পর থেকেই হকাররা আবারও ফুটপাত দখল করে বসতে শুরু করে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ব্যবসা চালিয়ে আসছিল।
সোমবার বিকালে সিটি করপোরেশনের উচ্ছেদ টিম চাষাড়া লুৎফা টাওয়ারের সামনে হকার উচ্ছেদে গেলে অতর্কিতভাবে কর্মচারীদের ওপর তারা হামলা চালায়। এতে রুহুল আমিন ও জাহাঙ্গীর মারধরের শিকার হয়ে আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিক্রিয়া
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হকারদের হামলা অত্যন্ত দুঃখজনক। নগরবাসীর চলাচলের স্বার্থে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। তাদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



