ভালুকায় ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে পালালেন ইউএনও, আহত গানম্যান
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় উচ্ছেদ করতে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ হোসেন। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য (গানম্যান) আহত হয়েছেন। আহত গানম্যানের নাম রুবেল মিয়া (২৮)। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার উপজেলা স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও ফিরোজ হোসেন। ফেরার পথে সিডস্টোর বাজারে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় অবৈধ দোকানীদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় ইউএনওর সঙ্গে থাকা কয়েক জন আনসার সদস্য ফুটপাত ব্যবসায়ীদের মালামাল মিনি ট্রাকে উঠানোর চেষ্টা করেন। এতে বাধা দেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইউএনওসহ উচ্ছেদ অভিযানে থাকা টিমকে ধাওয়া করে ও ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় ইউএনও নিরাপদে ফিরে গেলেও তার গানম্যান আনসার সদস্য রুবেল মিয়া (২৮) আহত হন। গানম্যানের পিতার নাম জালাল উদ্দিন। তাকে উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সড়ক অবরোধ ও আগুন
ঘটনার পর উত্তেজিত ব্যবসায়ীরা লাকড়ি দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এতে দেড় ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
পূর্বের ঘটনা
অপর এক সূত্র জানায়, জ্বালানি তেল সংকটের সময় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন উপজেলার ধীতপুর এলাকার মেসার্স হক ফিলিং স্টেশনের সামনে বাইক চালকদের রোষানলে পড়লে সেখান থেকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করেন। এ ছাড়াও ইউএনওর আচরণে ক্ষুব্ধ হয়ে ভালুকা পৌর সদরের এআর ফিলিং স্টেশনের সামনে বাইকারদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। ইউএনওর প্রতি ক্ষুব্ধ হয়ে বাইক চালকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তিনি ভালুকায় যোগদান করার পর থেকে স্থানীয় সংবাদকর্মীসহ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দূরত্বের সৃষ্টি হয়েছে।
চিকিৎসা ও প্রতিক্রিয়া
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শেখ জান্নাতুল তাসলিমা বলেন, আনসার সদস্য রুবেল মিয়া হাঁটুতে আঘাত পেয়ে আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসব বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তিনি ফোন বন্ধ করে দেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল হাসান জানান, ইউএনও সুস্থ আছেন। তার গাড়ির কোনো ক্ষতি হয়নি। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে গিয়ে ধাওয়ার বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি অবগত নন। খোঁজ নিয়ে জানাতে হবে।



