বগুড়ায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনার মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তার সন্তানদের নাম অনুসারে নয়, ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে। তিনি জানান, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির পর এসব নাম নির্ধারণ করা হয়েছে।
সংসদে আলোচনা
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম তার বংশের নামে ‘মীরবাড়ী’ রাখা হয়েছে এবং আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে। শফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। তার ভাষায়, অতীতে নাম পরিবর্তন ও সংশোধনের সংস্কৃতি নিয়ে অনেক সময় ব্যয় হয়েছে এবং একই ধরনের প্রবণতা আবার ফিরে আসছে।
প্রতিমন্ত্রীর জবাব
মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মোকামতলা এলাকার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন দীর্ঘদিন ধরে আয়তনে বড় ছিল। প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী একটি এলাকার জন্য ‘দিগন্ত ইউনিয়ন’ নাম নির্বাচন করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। কাকতালীয়ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিল আছে। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে নামের আগে “মীর” যুক্ত করার জন্য বলতাম। কিন্তু এসব নামের আগে “মীর” নেই।’
বক্তব্যের একপর্যায়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড আমার ব্যাংক, কিংবা সীমান্ত এক্সপ্রেস আমার ট্রেন। একইভাবে গুলশান-১–এর দিগন্ত টাওয়ারও যে আমার নয়, সেটাও তিনি বলেননি।’ এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
নতুন ইউনিয়ন গঠন
সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। রোববার গেজেট প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। নতুন কাঠামোয় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়।



