নারায়ণগঞ্জে ফের পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আটক করা পাঁচজনকে ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার বিবরণ
এলাকাবাসী জানান, হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়ি দখলের জন্য চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ও জনির গ্রুপ চেষ্টা চালাচ্ছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য সোলায়মানকে বিভিন্ন সময়ে হুমকি দেয়। ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, পরে তারা বিএনপিতে যোগ দেয়।
বাড়ির মালিক সোলায়মান বাড়িতে না থাকায় তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছিলেন। বুধবার বিকালে সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয় এবং বাড়িটিতে ভাঙচুর চালায়। তারা বাড়ির সব আসবাবপত্র ভ্যানে তোলে।
পুলিশের অভিযান
এ সময় বাড়িওয়ালা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফতুল্লা মডেল থানার এএসআই আশিক তিনজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে আসেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জনির সহযোগী আব্দুল্লাহ ও আরো একজনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একই সঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিন লেবারকে আটক করা হয়।
ছিনিয়ে নেওয়ার ঘটনা
তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ পাঁচজনকেই ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হাশেমবাগ এলাকার স্থানীয় জনি গ্রুপ একটি বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হামলায় কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন।
পূর্ববর্তী ঘটনা
এর একদিন আগে মঙ্গলবার দুপুরে শহরের মাসদাইর লিচুবাগ এলাকায় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তিন র্যাব সদস্যকে আহত করে। অন্যদিকে সোমবার দিবাগত রাত আড়াইটায় রূপগঞ্জের চনপাড়া এলাকায় পুলিশ যুবদল নেতা শামীম মিয়াকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করে। এ সময় শামীমের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।



