কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা কারা
আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।
স্থানীয় জেলেদের বক্তব্য
স্থানীয় জেলে সুলতান আহমদ জানান, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ এলাকায়। তিনি আরও জানান, জেলেরা প্রতিদিন নাফনদীর ওই এলাকায় মাছ শিকার করেন। নদীতে নির্দিষ্টভাবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করা কঠিন হওয়ায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে যান। এ সুযোগে আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় জেলেদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।
আরেক জেলে আলী আহমদ জানান, নাফ নদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। সব সময় আরাকান আর্মির আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ কারণে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন।
প্রশাসনের পদক্ষেপ
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, শাহপরীর দ্বীপ এলাকার ৭ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



