পোস্তগোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত
পোস্তগোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর পেছনে বসা আরোহী। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (২৩)। তিনি একটি মুদিদোকানের কর্মচারী ছিলেন। আহত হয়েছেন তাঁর বন্ধু সোহেল (২২), যিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

দুর্ঘটনার পর হুমায়ুন ও সোহেলকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাঁদের বন্ধু মানিক হাওলাদার। তিনি জানান, তাঁরা কয়েক বন্ধু মিলে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় গিয়েছিলেন। একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে তাঁরা যান। মাওয়ায় তাঁরা ইলিশ পোলাও খান। খাওয়াদাওয়া শেষে ভোরে ঢাকার উদ্দেশে রওনা দেন। হুমায়ুন একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন সোহেল। পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে পেছন দিক থেকে একটি ট্রাক বা কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হুমায়ুন ও সোহেল আহত হন। তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে মৃত ঘোষণা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, সকাল পৌনে ছয়টার দিকে হুমায়ুন ও সোহেলকে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয়

হুমায়ুন কবির রাজধানীর কলাবাগানে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। বাবার নাম মিজানুর রহমান পাটোয়ারী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ