নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজের এক দিন পর মঙ্গলবার (১২ মে) ভোরে লেকের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতদের পরিচয়
নিহত মনিরুলের মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ তারা সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করতেন। অন্যদিকে শুভ পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। পরিবার নিয়ে তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতেন। তারা দুই জনে গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলতে যায় মনিরুল ও শুভ। খেলা শেষে পাঁচ বন্ধু মিলে বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর সেতুর পাশে ডিএনডি লেকে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার ভোরে লেকের পানিতে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ বলেন, সোমবার রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



