কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে ৭ বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
ঘটনার বিবরণ
সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন— সৈয়দ আলম, সৈয়দুর রহমান, মো. ফয়সাল, আবদুল জলিল, মো. আজম, মো. হেলাল ও আজম উল্লাহ। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ‘সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। তাদের ফেরত আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’ শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, নাফ নদীর মোহনা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



